আবাসন সংকট নিরসনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে ‘মঞ্চ ২৪’ নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের দ্রুত সমাধান, পর্যাপ্ত আবাসিক আসন বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব আবাসন ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবাসন সংকটের কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এই সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) প্রতি আহ্বান জানানো হয়।
‘মঞ্চ ২৪’-এর মিডিয়া সমন্বয়ক আল ইমরান জিহাদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর হলের বাইরে থাকতে চায় না। তারা পড়াশোনার উপযোগী পরিবেশ চায়। শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে না পারলে তাদের আবাসন ভাতা প্রদান করতে হবে। প্রতিবছর ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পূর্ণাঙ্গ আবাসন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যান প্রণয়নেরও দাবি জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রাজশাহীতে একজন শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যেতে প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয়, যা অনেক শিক্ষার্থীর পরিবারের পক্ষে বহন করা কঠিন। তাই তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর প্রতি অতি দ্রুত আবাসন সংকট দূর করার কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
‘মঞ্চ ২৪’-এর সদস্য তালহা তামিম বলেন, বাংলাদেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসন সুবিধার দিক থেকে সবচেয়ে পিছিয়ে। প্রতিষ্ঠার ৭২ বছর পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আবাসন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে পারেনি।
‘মঞ্চ ২৪’-এর আহ্বায়ক ফাহিম ফারুকী জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭১ থেকে ৭৩ ব্যাচের অনেক শিক্ষার্থী এখনো হল সুবিধা পাননি। তিনি অভিযোগ করেন, রাকসু নির্বাচনের আগে বিভিন্ন ছাত্রনেতা আবাসন সংকট নিরসনের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের কর্মসূচির পরও যদি প্রশাসন কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনিক ভবন ও রাকসু ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি প্রতিটি বিভাগে সমন্বয়ক ঘোষণা করে আগামী সপ্তাহ থেকে আবাসন সংকট নিরসনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 























