কুমিল্লার লালমাই উপজেলায় মোবাইল ফোনে ডেকে নিয়ে বাহার (৩০) নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একই সঙ্গে ঘটনার রহস্য উদঘাটনে একজনকে আটক করে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার (২৭ জুন) সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া এলাকায় এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাহার ওই এলাকার বাসিন্দা রশিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিবেশী রাসেলের স্ত্রী ঝুমু মোবাইল ফোনে বাহারকে ডেকে নেন। পরে বাহার ঘটনাস্থলে গেলে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। কিছু সময় পর স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে লালমাই থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থান নেয়।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বলছে, হত্যার পেছনের কারণ জানতে বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ চলছে। এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 
























