বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সাতক্ষীরা শহর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে কয়েকশ শিক্ষার্থীর অংশগ্রহণে র্যালিটি শুরু হয়। র্যালিটি পোস্ট অফিস মোড়, নারকেলতলা মোড়, খুলনা রোড মোড়, সার্কিট হাউস মোড় ও বাইপাসসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন, যা পুরো এলাকায় জনসচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি নুরুন্নবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন। এছাড়াও বিশেষ অতিথি ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রুহুল আমিন বলেন, মাদকের ভয়াবহতা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে, যা পরিবারে অশান্তি, অপরাধ প্রবণতা ও সামাজিক অবক্ষয় বৃদ্ধি করছে। তিনি মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। মাওলানা রুহুল আমিন ইসলামী ছাত্রশিবিরকে তরুণদের মাঝে কোরআন-হাদিসের জ্ঞান এবং ইসলামের আদর্শ আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার গুরুত্বও তুলে ধরেন।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশ শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।
রিপোর্টারের নাম 























