দুই বছরের কম বয়সী শিশু এবং টডলারদের মোবাইল-ট্যাবলেটের পর্দার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার বিষয়টি তাদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মানের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে। এক যুগান্তকারী গবেষণায় এই সময়ে শিশুদের স্ক্রিন টাইম পুরোপুরি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, এই বয়সে স্ক্রিন ব্যবহার শিশুর সামগ্রিক বিকাশে নানা উদ্বেগ সৃষ্টি করতে পারে। একই সাথে গবেষণায় শিশু ও নবজাতকদের ওপর স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসের ঝুঁকি নিয়ে জরুরি ভিত্তিতে আরও তদন্তের আহ্বান জানানো হয়েছে।
বর্তমানে কিশোর-কিশোরীদের ডিজিটাল অভ্যাস এবং ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সরকারি পরিকল্পনা নিয়ে বেশি আলোচনা হলেও, গবেষকরা নীতিনির্ধারণে ছোট শিশুদের প্রতি উপেক্ষার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। কারণ বর্তমান যুগে প্রতিদিনের সন্তান লালন-পালনের সাথে স্ক্রিন ব্যবহার গভীরভাবে জড়িয়ে গেছে।
গবেষণার সহ-প্রধান এবং ইউনিভার্সিটি অব লিডসের মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের সিনিয়র লেকচারার রেফ ক্লেটন বলেন, মা-বাবারা নিজেদের স্ক্রিন ব্যবহারের বিষয়ে সঠিক নির্দেশনার অভাবে ‘অজান্তেই শিশুদের স্ক্রিন ডিভাইসের সাথে অস্বাস্থ্যকর অভ্যাস ও সম্পর্ক তৈরি করতে শেখাচ্ছেন।’ তিনি জোর দিয়ে বলেন, ‘এই পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার।’
এই বিষয়টির ওপর বিশ্বজুড়ে হওয়া এ যাবৎকালের সবচেয়ে ব্যাপক ও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনাভিত্তিক গবেষণা এটি। এতে পাঁচ বছরের কম বয়সীদের স্ক্রিন টাইমের বিষয়ে সম্প্রতি প্রকাশিত সরকারি নির্দেশনা পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সরকারের সেই নির্দেশনায় দুই বছরের কম বয়সীদের জন্য স্ক্রিন টাইম এড়িয়ে চলার সুপারিশ করা হলেও একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, ‘একে অপরের সাথে বন্ধন, মিথস্ক্রিয়া এবং কথোপকথনকে উৎসাহিত করে এমন যৌথ ক্রিয়াকলাপ ছাড়া’ স্ক্রিন এড়ানো উচিত।
তবে নতুন এই গবেষণাটি শিশুদের স্ক্রিন টাইমের সাথে জড়িত ব্যাপক সম্ভাব্য ক্ষতির চিত্র তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে মা-বাবা ও যত্নশীলদের সাথে বন্ধন তৈরির সুযোগ কমে যাওয়া, অন্য শিশুদের সাথে শারীরিক খেলাধুলার সময় কমে যাওয়া এবং ভাষার সীমিত বিকাশ। গবেষণায় বলা হয়েছে, এত অল্প বয়সে স্ক্রিনের ব্যবহার অতিরিক্ত মানসিক উত্তেজনা ও ঘুমের সমস্যা বাড়িয়ে দিতে পারে।
রিপোর্টারের নাম 
























