প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটকে ‘জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নয়’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য শাজাহান চৌধুরী। শনিবার সকালে জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, এই বাজেট ‘ফ্যাসিবাদী সরকারের’ অনুগতদের দ্বারা তৈরি করা হয়েছে এবং এতে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা উপেক্ষিত হয়েছে।
এমপি শাজাহান চৌধুরী অভিযোগ করেন, জনপ্রশাসনে যারা দীর্ঘ ১৮ বছর ধরে সুবিধা ভোগ করছেন, তাদের সরানো হয়নি। অথচ নির্যাতিত ও বঞ্চিতদের ধীরে ধীরে সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি মনে করেন, যদি ‘দেশের চেতনার’ অনুসারীদের দিয়ে বাজেট প্রণয়ন করা হতো, তাহলে তা জনগণের আশা পূরণ করতে পারত।
বাজেট প্রসঙ্গে তিনি অর্থমন্ত্রীর সমালোচনা করে বলেন, অর্থমন্ত্রী একজন ব্যবসায়ী হওয়ায় তিনি ব্যবসার সুবিধার্থে বাজেট তৈরি করেছেন, বাংলার সাধারণ মানুষের জন্য নয়। তিনি স্মরণ করিয়ে দেন, প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান বাজেট তৈরির আগে বিরোধীদলের সঙ্গে আলোচনা করতেন, যা বর্তমান সরকার করেনি।
জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, চারদলীয় জোট সরকারের সময় কৃষিমন্ত্রী মাওলানা নিজামী কৃষকদের জন্য যে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন, ৫৪ বছরে অন্য কোনো সরকার তা দেখাতে পারেনি। তার গাছ রোপণের চিন্তাধারা সফল হয়েছিল। কিন্তু এবারের বাজেটে কৃষকদের অবহেলা করা হয়েছে এবং কৃষিখাতে বরাদ্দ কমানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কৃষক ছাড়া দেশ বাঁচবে না, তাই বাজেটে কৃষিখাতে বরাদ্দ বাড়ানো অপরিহার্য।
শাজাহান চৌধুরী আরও উল্লেখ করেন, এবার ১৫টি মন্ত্রণালয়ে অতিরিক্ত বাজেট দেওয়া হলেও ৯টি মন্ত্রণালয় ধুঁকে ধুঁকে মরছে। দেশে গ্যাসের চাহিদা বাড়লেও নতুন কোনো গ্যাস কূপ আবিষ্কার হয়নি। তিনি চট্টগ্রামের গ্যাস ফিল্ড পরীক্ষা-নিরীক্ষা এবং গ্যাস অনুসন্ধানে বাজেট বাড়ানোর দাবি জানান।
রিপোর্টারের নাম 

























