চট্টগ্রামের হাটহাজারীতে একটি বিদেশি রিভলবার ও পাঁচটি ধারালো অস্ত্রসহ চার যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। শনিবার দিবাগত রাতে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়ি থেকে তাদের আটক করা হয়। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে হাটহাজারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পোশাককর্মী ও পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিতো। শনিবার রাতে স্থানীয়রা তাদের শনাক্ত করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়ির ভেতর থেকে তাদের ধরে ফেলে। উত্তেজিত জনতা আটককৃতদের গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানার এসআই সানোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে নতুনপাড়া এলাকার আরিফুল হক বাদশা (১৯), আমান বাজার এলাকার মো. ফয়সাল ইসলাম জিহাদ (১৭), নতুনপাড়া এলাকার মো. ওয়দুল জামান রাকিব (১৬) এবং নতুনপাড়া এলাকার মো. হাসান মুরাদকে (১৮) উদ্ধার করে অস্ত্রসহ থানায় নিয়ে আসা হয়। ওসি মুহাম্মদ জাহিদুর রহমান জানান, আটক চারজনের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের আদালতে পাঠানো হবে।
রিপোর্টারের নাম 





















