হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিপাড়া চা-বাগানসংলগ্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৯ জনকে বাংলাদেশে পুশইনের (অবৈধ অনুপ্রবেশ) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণও সক্রিয় ভূমিকা পালন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তেলিপাড়া চা-বাগান সংলগ্ন ১৮ নম্বর সীমান্ত এলাকার ৮২ নম্বর সীমান্ত পিলারের কাছে এই অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেন এবং স্থানীয়দের সতর্ক করেন। বিজিবি ও স্থানীয়দের সম্মিলিত তৎপরতায় অনুপ্রবেশের এই প্রচেষ্টা সফল হতে পারেনি।
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, শুক্রবার গভীর রাতে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা করেছিল। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























