মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দোকানে পানি খাওয়ার গ্লাস দিয়ে আঘাতের জেরে সোহেল মিয়া (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইসমাইল মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মিয়ার মৃত্যু হয়। নিহত সোহেল মিয়া উপজেলার আলিশারকুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে এবং শ্রীমঙ্গল পৌর শহরের সিন্দুরখান সড়কে ভাড়া বাসায় বসবাস করতেন। গ্রেপ্তারকৃত ইসমাইল মিয়া একই এলাকার ফজর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিন্দুরখান সড়কের সিএনজি স্ট্যান্ডসংলগ্ন একটি চায়ের দোকানে চা পান করতে যান সোহেল মিয়া। এ সময় পানি খাওয়ার গ্লাস দেওয়া নিয়ে ইসমাইল মিয়ার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইসমাইল মিয়া দোকানে থাকা একটি কাচের গ্লাস দিয়ে সোহেলের মাথায় আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে গেলেও দুপুরের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে পুনরায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অর্নিবান দেব জানান, সোহেল মিয়ার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং সেখানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুনরায় হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌর শহর থেকে অভিযুক্ত ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, সোহেল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 

























