মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছেন স্থানীয় বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ। শনিবার রাতে উপজেলার কাঠালবাড়ি গ্রামে সাব্বিরের বাড়িতে এই ঘটনা ঘটে। হামলায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির শেখের বাড়িতে বহিরাগতদের নিয়ে গোপন বৈঠক চলছে—এমন তথ্যের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ সাব্বিরকে আটক করে হাতকড়া পরালে তার অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে এসআই রাজ্জাক আহত হন এবং বিশৃঙ্খলার সুযোগে সাব্বির শেখ পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্রীনগর থানা পুলিশ জানিয়েছে, পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 























