মুন্সীগঞ্জ সদর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক ঝটিকা অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আরাফাত খান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে সদর থানার পুরাতন সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার বসতঘর থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত আরাফাত ওই এলাকার হুমায়ুন খানের ছেলে।
জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির পরিদর্শক মো. ইস্তিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক কারবারির সাথে জড়িত অন্য এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও তাকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
পুলিশ সুপার আরও জানান, গত এক বছরে জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ৫৪ হাজার পিস ইয়াবা ও ২০৭ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। মাদক সংশ্লিষ্ট অপরাধে এ পর্যন্ত ১ হাজার ১৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৮৪২টি মামলা দায়ের করা হয়েছে। বর্তমান ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















