মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অব্যাহত হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুলাউড়া সফরে যাচ্ছেন। আগামী ২৬ জুন (শুক্রবার) কুলাউড়ায় তাদের এই প্রথম আগমনকে ঘিরে স্থানীয় এনসিপি নেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
কুলাউড়া এনসিপির যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম মাহমুদ সাংবাদিকদের জানান, এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এবং যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী এই সফরে অংশ নেবেন। তারা প্রথমে রবিরবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন।
জুমার নামাজ শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সরাসরি শরীফপুর সীমান্তে বিকেল ৪টায় আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন। এই কর্মসূচির মাধ্যমে বিএসএফের সীমান্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হবে।
একই দিন সন্ধ্যা ৭টায় কুলাউড়া পৌর শহরের স্থানীয় অডিটোরিয়ামে যোগদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এই সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে কেন্দ্রীয় নেতারা মতবিনিময় করবেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি ও সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























