ফ্রান্সজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তাপপ্রবাহের মধ্যে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ ফুটবলার কেনজো কিস। লিগ টু-এর ক্লাব গ্যাংগঁর এই ২১ বছর বয়সী খেলোয়াড় রোন নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান। লিওন শহরের কাছে বন্ধুদের সঙ্গে নদীতে নামার পর এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ফ্রান্সে বর্তমানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। অসহনীয় এই গরম থেকে মুক্তি পেতে কিস ও তার বন্ধুরা নদীতে নেমেছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তার তিন বন্ধুকে জীবিত উদ্ধার করতে পারলেও কিসকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উল্লেখ্য, চলমান এই দাবদাহে দেশটিতে পানিতে ডুবে এ পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।
কেনজো কিসের মৃত্যুতে ফরাসি ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। লিওঁ ও সাঁ-তেতিয়েনের যুব একাডেমি থেকে উঠে আসা এই প্রতিভাবান মিডফিল্ডারের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে তার বর্তমান ক্লাব গ্যাংগঁ। ক্লাবটির পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতে তার স্মরণে বিশেষ শ্রদ্ধা নিবেদনের ঘোষণা দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























