নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ইংল্যান্ডের ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
‘এ’ গ্রুপে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলেছে দুই দলই। বাংলাদেশ ও ভারতের সমান চার পয়েন্ট থাকলেও উন্নত নেট রান রেটের কারণে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে, আর বাংলাদেশ অবস্থান করছে চতুর্থে। ফলে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে উভয় দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ।
সবশেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে শক্তিশালী ভারতের বিপক্ষেও ইতিবাচক ফলের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।
তবে ভারতের মতো শক্ত প্রতিপক্ষকে হারাতে হলে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে বাংলাদেশকে। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পুনরাবৃত্তি হলে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে দলকে।
বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ভূমিকা রাখতে পারেন ওপেনার জুয়ারিয়া ফেরদৌস। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ২২ বলে অর্ধশতক করে দারুণ সূচনা এনে দিয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষেও এমন একটি আগ্রাসী শুরু দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
অন্যদিকে বোলিং ইউনিটকেও ছন্দ ধরে রাখতে হবে। প্রতিপক্ষের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে চাপে রাখতে হলে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করতে হবে বাংলাদেশকে।
পরিসংখ্যান অবশ্য ভারতের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত দুই দলের ২৩টি টি-টোয়েন্টি লড়াইয়ে ২০টিতে জয় পেয়েছে ভারত। বাংলাদেশের জয় মাত্র তিনটি। তবে বিশ্বকাপের মঞ্চে সেই পরিসংখ্যান বদলে দেওয়ার প্রত্যাশা নিয়েই মাঠে নামবে জ্যোতির দল।
রিপোর্টারের নাম 

























