চট্টগ্রামের সদরঘাট থানাধীন পোস্ট অফিস-সংলগ্ন জামে মসজিদে জুমার নামাজের সুযোগে অফিস রুম থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুই চোরকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আরিফ (৩৬) এবং মো. সুমন (৩৬)। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ইমাম তামজিদ রহমান অফিস রুমে মসজিদের দানের ২ লাখ ২০ হাজার টাকা রাখেন। আসরের নামাজের পর তিনি রুমে গিয়ে দেখেন টাকাগুলো নেই। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এক অজ্ঞাতনামা চোরকে টাকা নিয়ে পালিয়ে যেতে দেখা যায়।
অভিযোগ পেয়ে সদরঘাট থানার একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামি আরিফকে শনাক্ত করে। পুলিশি অভিযানে হালিশহর থানাধীন ঈদগাহ বরফকল সোনা শাহ মাজার এলাকার শফি সওদাগরের বাড়ি থেকে আরিফকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি মো. সুমনের কাছ থেকে টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা অনলাইন জুয়া ও নেশায় উধাও হয়ে গেছে বলে জানা গেছে।
সদরঘাট থানার ওসি শরীফ উদ্দিন জানান, এ ঘটনায় সদরঘাট থানায় একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হচ্ছে।
রিপোর্টারের নাম 

























