চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক হৃদয়বিদারক ছিনতাইয়ের ঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন। গভীর রাতে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ছিনতাইকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের কাছ থেকে মোটরসাইকেল, ভিডিও ক্যামেরা, মোবাইল ফোন এবং নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেওয়া হয়।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের পটিয়া উপজেলার গৈড়লার টেক এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। আহত দুই যুবক হলেন চন্দনাইশ উপজেলার বিজন দাশের ছেলে রনি দাশ (৩০) এবং পটিয়া উপজেলার মো. তানভীর (২৯)। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের স্বজনদের কাছ থেকে জানা গেছে, বুধবার রাতে চন্দনাইশে একটি সামাজিক অনুষ্ঠানে ভিডিও ধারণের কাজ শেষে রনি দাশ ও তার সহযোগীরা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গৈড়লার টেক এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল ছিনতাইকারী তাদের পথ অবরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা রনির ওপর চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে, এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। একই সময়ে তার সঙ্গী তানভীরকেও হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে জখম করা হয়।
এ সময় রনির কয়েকজন বন্ধু অন্য একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা দ্রুত রনির ব্যবহৃত মূল্যবান ভিডিও ক্যামেরা, মোবাইল ফোন, মোটরসাইকেল, নগদ অর্থ এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানা গেছে। আহত রনির ছোট ভাই ইমন দাশ জানান, তার ভাই অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ৪-৫ জনের একটি সশস্ত্র ছিনতাইকারী দল তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা কাউকে কিছু বুঝে ওঠার বা চিৎকার করার সুযোগ না দিয়ে কুড়াল দিয়ে কোপাতে শুরু করে। ঘটনার পরপরই পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























