ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত প্রায় কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কয়েক মাসের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং ব্যাপক অনিয়মের কারণে সড়কের ইউনি ব্লকগুলো ধসে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা এবং ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
অভিযোগ উঠেছে, স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটিতে ব্যাপক অনিয়ম করেছে। ২০২৩ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৯৩ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে কালীগঞ্জ ফুট গোডাউন থেকে হাসপাতাল পর্যন্ত এক কিলোমিটার সড়কটি সংস্কার করা হয়েছিল। গত বছরের আগস্টে শুরু হয়ে কাজ শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। তবে কাজ শেষ হওয়ার ছয় মাস যেতে না যেতেই রাস্তার বিভিন্ন স্থান থেকে ব্লক সরে গিয়ে ধস নামতে শুরু করে।
স্থানীয়রা জানান, ব্যস্ততম এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে কালীগঞ্জ সরকারি হাসপাতালে যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানির কারণে ধসের মাত্রা আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের উদাসীনতা ও ঠিকাদারের দুর্নীতির কারণে জনগণের এই দুর্ভোগ বলে মনে করছেন এলাকাবাসী।
রিপোর্টারের নাম 
























