কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে। লবণের বস্তার আড়ালে অভিনব কৌশলে পাচারকালে এই ইয়াবা ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল একটি কাভার্ডভ্যান তল্লাশি করে। প্রাথমিকভাবে সাধারণ পণ্যবাহী যান মনে হলেও, বিস্তারিত তল্লাশিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ সুপার আরও জানান, কাভার্ডভ্যানটিতে বিপুল পরিমাণ লবণের বস্তার আড়ালে এবং গাড়ির ছাদের উপরের অংশে বিশেষ কৌশলে ইয়াবার চালান লুকিয়ে রাখা হয়েছিল। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে পুলিশ ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে উল্লেখ করে তিনি বলেন, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।
মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে পুলিশ সুপার বলেন, মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। এই ঘটনায় জড়িত পাঁচজনকে আটকের জন্য অভিযান চলছে বলেও তিনি জানান। এ সময় ওসি ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























