বিশ্বকাপে পর্তুগালের অভিযান শুরু হলো পয়েন্ট ভাগাভাগি করে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ক্রিশ্চিয়ানো রোনালদো অ্যান্ড কোম্পানি। ম্যাচের শুরু থেকে বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। এই ম্যাচে রোনালদো তার স্বাভাবিক ঝলক দেখাতে পারেননি, বরং একটি সহজ সুযোগও হাতছাড়া করেছেন তিনি।
ম্যাচের ষষ্ঠ মিনিটে পেদ্রো নেতোর নিখুঁত ক্রসে জোয়াও নেভেস হেডে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন। এরপরও রবার্তো মার্তিনেজের শিষ্যরা বলের নিয়ন্ত্রণে রেখেছিল, তবে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়। গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরে ডিআর কঙ্গো। ইয়োয়ান উইসা ও সেদ্রিক বাকাম্বুকে সামনে রেখে পাল্টা আক্রমণে চাপ সৃষ্টি করে আফ্রিকান দলটি। প্রথমার্ধের যোগ করা সময়ে আর্থার মাসুয়াকুর কর্নার থেকে উইসা শক্তিশালী হেডে গোল করে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে পর্তুগাল বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেনি। জোয়াও ক্যানসেলোর একটি ভলি অফসাইডের কারণে বাতিল হয়। অন্যদিকে, বাকাম্বুর একটি শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে ৬৯ মিনিটে, যখন ফ্রান্সিসকো কনসেইসাওয়ের পাস থেকে গোলের সুবর্ণ সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি রোনালদো। তার শট বাইরে চলে গেলে হতাশায় ডুবে যায় পর্তুগিজ সমর্থকেরা। শেষদিকে রাফায়েল লেয়াও ও গনসালো রামোসদের মাঠে নামিয়েও পর্তুগাল কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি। ডিআর কঙ্গোর সংগঠিত রক্ষণ এবং গোলরক্ষক লিওনেল মপাসির দৃঢ়তায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এর ফলে পর্তুগাল মূল্যবান দুই পয়েন্ট হারাল, অন্যদিকে ডিআর কঙ্গো তাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করল।
রিপোর্টারের নাম 

























