নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে প্রকাশ্যে জুয়ার আসর বসানোর অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ী এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় আটককৃতদের কাছ থেকে নগদ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা, একটি পিকআপ ভ্যান এবং লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের পাশে কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় এই জুয়ার আসর চলছিল। ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে ষাঁড়সহ পিকআপটি জব্দ করা হয় এবং ১৫ জন জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলা সদরের পশ্চিম উলুয়াটী এলাকার আ. বারেক (৩৭), মো. কাজল মিয়া (৩৫), মো. রহিজ (৪৫), মন্টু রবি দাস (৪৫), পূর্বধলা উপজেলার মো. রাসেল মিয়া (২৬), মো. রাসেল (৪০), মো. শফিকুল (৪৫), মো. বেলাল হোসেন (৪৫), মো. রাব্বী মিয়া (২৫), মো. এনামুল হক (৩০), মো. সুজন মাহমুদ (৩৫), মো. আল আমিন (৪০), আবুল কালাম (৪০), ময়মনসিংহের গৌরিপুর উপজেলার মো. কামাল মিয়া (৫০) ও মো. হারেজ মিয়া (৫০)।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের দেহ তল্লাশি করে উদ্ধারকৃত নগদ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























