কঠোর সমালোচনার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অবৈতনিক প্রাথমিক শিক্ষার নীতির পরিপন্থী হওয়ায় এই সিদ্ধান্তটি সমালোচিত হচ্ছিল। ইতিমধ্যে এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমকে জানিয়েছেন, সরকার শিক্ষার ব্যয়ভার কমাতে বদ্ধপরিকর। অর্থের বরাদ্দ-সংক্রান্ত জটিলতার কারণে প্রাথমিকভাবে ফি নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, যা এখন বাতিল করা হয়েছে। তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি না নেওয়ার বিষয়ে সরকারের নীতিগত অবস্থান রয়েছে।
মাহ্দী আমিন আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক বিদ্যালয়ে মিড-ডে মিল (স্কুলে খাবার) কর্মসূচি চালু রয়েছে এবং পর্যায়ক্রমে এটি সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ না দেওয়ার বিষয়টিকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
এর আগে, পর্যাপ্ত সরকারি বরাদ্দ না থাকার কারণে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে পরীক্ষার ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রিপোর্টারের নাম 





















