শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রির অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড এবং স্থানীয় এক বিএনপি নেতাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলার কনেশ্বর ইউনিয়নের উত্তর সৈয়দবস্তা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র এক্সকাভেটর দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি করে আসছিল, যার ফলে গ্রামীণ সড়ক ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিক মাদবর নামের একজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মাটি কাটার যন্ত্র সরবরাহের দায়ে কনেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইব্রাহিম মেম্বারকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান জানান, কৃষিজমির উর্বরতা নষ্ট করা এবং অবৈধভাবে মাটি কাটা দেশের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষায় প্রশাসনের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।
রিপোর্টারের নাম 























