সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ প্রতিরোধে স্থানীয় জনগণকে আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
সোমবার (১৫ জুন) বিকেলে ভারতীয় সীমান্তঘেঁষা রাজশাহীর চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সীমান্ত নিরাপত্তা বিষয়ক এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক।
কাজী শহিদুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা বা পুশ-ইন একটি বেআইনি কর্মকাণ্ড। সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় এমন কিছু ঘটনার চেষ্টা উদ্বেগ তৈরি করেছে। তবে বিজিবির কঠোর নজরদারি এবং স্থানীয় জনগণের সহযোগিতার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই এসব অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
তিনি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের যেকোনো সন্দেহজনক তৎপরতা সম্পর্কে দ্রুত প্রশাসন ও বিজিবিকে অবহিত করার আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন বিজিবি রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগে রাজশাহী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের একটি চেষ্টা স্থানীয়দের সতর্কতা ও বিজিবির দ্রুত পদক্ষেপে প্রতিহত করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।
রিপোর্টারের নাম 

























