ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত চুক্তিকে ইসরাইলের জন্য একটি বড় পরাজয় এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখছেন প্রখ্যাত ইসরাইলি রাজনৈতিক বিশ্লেষক গিদন লেভি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানকে প্রতিহত করা নেতানিয়াহুর জীবনের অন্যতম প্রধান রাজনৈতিক লক্ষ্য ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইসরাইল এই আলোচনা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন তাদের সামনে কেবল ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর সুযোগই খোলা রয়েছে।
লেভি গত রবিবার বৈরুতে ইসরাইলি হামলার প্রসঙ্গ টেনে সেগুলোকে ‘হাস্যকর ও শিশুসুলভ আক্রমণ’ বলে অভিহিত করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘এই খেলায় ইসরাইল কেবলই হেরেছে।’ তিনি আরও উল্লেখ করেন যে, ইসরাইলকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে, তা এখনো দেখার বিষয়। ইসরাইলের মূল অগ্রাধিকারগুলো পূরণ না হলে নেতানিয়াহু যেকোনো যুদ্ধবিরতি চুক্তি নস্যাৎ করতে তৎপর থাকবেন।
লেবানন ও ইরান চুক্তির পারস্পরিক সম্পর্কের ওপর জোর দিয়ে এই বিশ্লেষক বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর। আমার মনে হয়, ইরানের সাথে এই চুক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হবে লেবানন পরিস্থিতি।’ তিনি ব্যাখ্যা করে বলেন, ‘ইরানিরা লেবানন পরিস্থিতির সাথে এই চুক্তির একটি সরাসরি সংযোগ তৈরি করতে সক্ষম হয়েছে। বর্তমান অবস্থায় এটি কীভাবে কার্যকর হবে, তা আমি বুঝতে পারছি না। কারণ ইসরাইলি সেনারা এখনো লেবাননে অবস্থান করছে এবং সেখান থেকে সেনা প্রত্যাহারের কোনো ইচ্ছা তাদের নেই। যতদিন সেখানে ইসরাইলি সেনা থাকবে, ততদিন কোনো পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি সম্ভব নয়, কারণ ইসরাইলি দখলের বিরুদ্ধে সেখানে সবসময়ই প্রতিরোধ গড়ে উঠবে।’
রিপোর্টারের নাম 























