আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘ঋণনির্ভর উচ্চাভিলাষী’ এবং ‘জনবান্ধবহীন’ আখ্যা দিয়ে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুনতাসির আলী বলেছেন, এই বাজেট দেশের জনগণের অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি করবে। শনিবার রাজধানীর উত্তরার নর্থ কনফারেন্স সেন্টারে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বাজেট বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মুনতাসির আলী তার বক্তব্যে উল্লেখ করেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই প্রস্তাবিত বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বিশাল ঘাটতি রয়েছে। এই বিপুল ঘাটতি পূরণে সরকারকে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিতে হবে। বিশেষ করে, দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা বেসরকারি ও ব্যক্তিগত বিনিয়োগকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে দেশের অর্থনীতি ভয়াবহ সংকটের মুখে পড়বে।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘুষ-দুর্নীতি বন্ধ করা, বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি রোধ করা এবং অর্থনৈতিক অব্যবস্থাপনা ও অপচয় রোধে সরকারকে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে। খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের পরিচালনায় এই অনুষ্ঠানে কেন্দ্রীয় ও মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























