সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে কলারোয়া উপজেলার ব্রজবকসা গ্রামের খালপাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম আব্দুল হামিদ (৩৫), যিনি ঝড়ু নামেও পরিচিত ছিলেন। তিনি ব্রজবকসা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।
নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, আব্দুল হামিদ দুপুরে মাঠ থেকে কাজ শেষে বাড়িতে ফিরে আসেন। এরপর গোসল করার জন্য ব্রজবকসা খালের দিকে যাওয়ার পথে আকস্মিক বজ্রপাতের শিকার হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ নিহতের বাড়ি পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 
























