ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মিন্দানাওয়ের সিভিল ডিফেন্স অফিসের তথ্যমতে, এই প্রাকৃতিক বিপর্যয়ে এ পর্যন্ত অন্তত ১ হাজার ২২১ জন আহত হয়েছেন এবং ৩৩ জন নিখোঁজ রয়েছেন। বারবার আফটারশক এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ভূমিধসের ফলে অনেক দুর্গম এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দলগুলো।
ভূমিকম্পের প্রভাবে মিন্দানাও অঞ্চলের প্রায় সাড়ে ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে অথবা আত্মীয়দের বাড়িতে অস্থায়ীভাবে অবস্থান করছেন। প্রাথমিক হিসেবে দেখা গেছে, প্রায় ৮ হাজার ৮৬৫টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও ৩৬ হাজারেরও বেশি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
রিপোর্টারের নাম 

























