পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, কোনো প্রকল্প কেবল ল্যাবরেটরির টেবিলে সীমাবদ্ধ থাকলে তা দেশের কল্যাণে আসবে না। গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবে রূপান্তর করতে হবে। শুক্রবার নরসিংদীর পলাশে এক মেধাবী শিক্ষার্থী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, একটি দেশ তখনই উন্নত হয় যখন তার প্রকল্পগুলো বাস্তবসম্মত ও কার্যকর হয়। বিদেশিরা প্রকল্প হাতে নিলে তা সফল বা ব্যর্থ যাই হোক, তারা তা বাস্তবায়নের চেষ্টা করে। আমাদেরও সেই মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপি শিক্ষাক্ষেত্রে উন্নয়নে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
শিক্ষকদের দায়িত্বশীলতার বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, পাঠদানে ফাঁকি দিয়ে বাড়িতে প্রাইভেট পড়ানো কোনোভাবেই কাম্য নয়। নির্ধারিত সময়ে স্কুলে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























