আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ছয়টি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের জন্য এককালীন আর্থিক সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব করেন।
বর্তমানে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে আক্রান্ত ব্যক্তি, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের জন্য ৫০ হাজার টাকা এককালীন সহায়তা প্রদান করা হয়। অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, এই সহায়তা দ্বিগুণ করে এক লাখ টাকায় উন্নীত করা হবে।
এ ছাড়াও, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে মাসে ৮৫০ টাকা করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রম’-এর মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। বাজেটে উল্লেখ করা হয়েছে যে, অনেক রোগী অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না, যা তাদের দুর্ভোগের পাশাপাশি পরিবারগুলোকে আর্থিকভাবে বিপর্যস্ত করে তোলে। এই কর্মসূচি দরিদ্র রোগীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং বিভিন্ন পর্যায়ে প্রশংসিত হয়েছে।
রিপোর্টারের নাম 



















