নওগাঁর ধামইরহাট উপজেলায় সামাজিক মাধ্যমে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অপরাধে আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার টাঙ্গাইল জেলার গোপালপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার আজহারুল ইসলামের ছেলে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, ভুক্তভোগী মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত যুবক ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত। এরপর কৌশলে তাদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে মোবাইলে সংরক্ষণ করত। পরবর্তীতে এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের জিম্মি করে বিভিন্নভাবে সুবিধা আদায়ের চেষ্টা করত।
এসব অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















