জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। বৈঠকে সম্প্রতি গণভোটে অনুমোদিত গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মঙ্গলবার দুপুরে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং এনসিপির পক্ষে নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। বৈঠকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ইইউ ইলেকশন অবজারভেশন টিমের নির্দেশনা পর্যালোচনা করা হয়। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়েও দুই পক্ষ তাদের মতামত বিনিময় করে।
আলোচনার শেষে উভয় পক্ষই চলমান সংলাপ অব্যাহত রাখা এবং গঠনমূলক আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বৈঠক শেষে এনসিপি নেতারা ইইউ প্রতিনিধি দলকে ঐতিহাসিক জুলাই বিপ্লবের গ্রাফিতি পরিদর্শন করান এবং সেখানে বিপ্লবের সময় তরুণদের আশা-আকাঙ্ক্ষা ও চেতনার প্রতিফলন তুলে ধরেন। বৈঠকে এনসিপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন উপস্থিত ছিলেন। ইইউ প্রতিনিধি দলে ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা এবং ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্তিয়ান রিগার ব্রাউন।
রিপোর্টারের নাম 
























