২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে বড় ধরনের আইনি লড়াইয়ের মুখে পড়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। উয়েফার সাবেক সভাপতি ও ফরাসি ফুটবল কিংবদন্তি মিশেল প্লাতিনি ফিফা এবং এর বর্তমান শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ফ্রান্সের আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করেছেন।
প্যারিসের আদালতে দায়ের করা এই মামলায় প্লাতিনি অভিযোগ করেছেন, ২০১৫ সালে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ফিফার সভাপতি হওয়ার দৌড় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। মামলায় জিয়ান্নি ইনফান্তিনো ছাড়াও ফিফার সাবেক আইনি পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিদ্বেষমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে। প্লাতিনি তার ক্যারিয়ারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তার জন্য ফিফার কাছে মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছেন।
উল্লেখ্য, ২০১১ সালে তৎকালীন ফিফা প্রধান সেপ ব্ল্যাটারের কাছ থেকে ২০ লাখ সুইস ফ্রাঁ গ্রহণের অভিযোগে প্লাতিনিকে ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছিল। দীর্ঘ সময় পর সেই ঘটনার রেশ ধরে বিশ্বকাপের প্রাক্কালে প্লাতিনির এই আইনি পদক্ষেপ আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 
























