ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম সোমালিয়ান রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার এক অনন্য কীর্তি গড়ার দ্বারপ্রান্তে ছিলেন ওমর আরতান। তবে সেই স্বপ্ন বাস্তবায়নের পথ রুদ্ধ হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির কারণে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়ালদের তালিকা থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ফিফা।
জানা গেছে, কূটনৈতিক পাসপোর্ট এবং ফিফার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেয় মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাকে দেশটিতে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠানো হয়। বর্তমানে তিনি তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ট্রানজিটে অবস্থান করছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সোমালিয়া থাকায় ‘নিরাপত্তা যাচাই’ ও ‘যাচাইকরণ সংক্রান্ত উদ্বেগের’ অজুহাতে তাকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, আয়োজক দেশের ভিসা নীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তায় হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা তাদের নেই। ফলে আরতানের পক্ষে আসন্ন বিশ্বকাপে দায়িত্ব পালন করা আর সম্ভব হচ্ছে না। এদিকে, বিশ্বকাপের মতো বড় আসরে নিজেদের প্রথম রেফারির এমন প্রত্যাবর্তনে চরম অসন্তোষ প্রকাশ করেছে সোমালিয়ার ফুটবল ফেডারেশন ও দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।
রিপোর্টারের নাম 
























