মানুষের সৃষ্ট নানা কর্মকাণ্ডের ফলে বিশ্বের মহাসাগরগুলো এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে জাতিসংঘ সতর্ক করেছে যে, গত এক দশকের ব্যবধানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে প্রকাশিত জাতিসংঘের তৃতীয় ‘ওয়ার্ল্ড ওশেন অ্যাসেসমেন্ট’ প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত দূষণ এবং অনিয়ন্ত্রিত শিল্পভিত্তিক মৎস্য শিকারের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে পুরো মহাসাগরীয় ব্যবস্থা এক ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে। ৮৬টি দেশের প্রায় ৬০০ জন বিজ্ঞানীর দীর্ঘ গবেষণার পর এই তথ্য জানানো হয়েছে। এর আগে ২০১৮ সালের প্রতিবেদনে সাগরের অবক্ষয়ের কথা বলা হলেও, এবারের তথ্য বলছে ক্ষতির মাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালের আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর গড়ে ২ মিলিমিটার করে বাড়লেও ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৪.৩ মিলিমিটারে। এছাড়া ১৯৫৫ সালের পর থেকে সাগরের তাপমাত্রা যে পরিমাণ বেড়েছে, তার ১৬ শতাংশই বেড়েছে ২০১৮ সালের পরবর্তী সময়ে। বিশেষ করে আটলান্টিক, ভারত ও প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলে তাপমাত্রার এই বৃদ্ধি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সংকট মোকাবিলায় বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মহাসাগরকে অফুরন্ত সম্পদ ভাবার ভুল করার আর সুযোগ নেই। সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় এখন জরুরি ভিত্তিতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন। বিজ্ঞান ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সমুদ্রের সঙ্গে মানুষের এক নতুন ও দায়িত্বশীল সম্পর্ক গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 























