খুলনার পাইকগাছায় পশুর হাটে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে গণপিটুনিতে হাসান সরদার (৩৫) নামে এক চিহ্নিত অপরাধী নিহত হয়েছে। রোববার বিকেলে উপজেলার চাঁদখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত হাসান উপজেলার কালিদাসপুর গ্রামের মালেক সরদারের ছেলে। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাইয়ের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। ঘটনার দিন পশুর হাটে টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, হাসানের অত্যাচারে স্থানীয় ব্যবসায়ীরাসহ সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 

























