দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য আশার আলো নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি এই খাতের জন্য ৫ হাজার কোটি টাকার একটি নতুন পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। এই তহবিলের আওতায় ছোট ও মাঝারি উদ্যোক্তারা সর্বোচ্চ ৯ শতাংশ সুদে চলতি মূলধন ঋণ সুবিধা পাবেন। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সিএমএসএমই খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই খাত শ্রমনিবিড় ও স্বল্প পুঁজিনির্ভর হওয়ায় এবং এর উৎপাদনকাল তুলনামূলকভাবে কম হওয়ায় এটি আমদানি বিকল্প পণ্য ও সেবা উৎপাদন, জাতীয় আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তবে, চাহিদার তুলনায় এই খাতে চলতি মূলধনের সরবরাহ ব্যাহত হওয়ায় এর বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হচ্ছিল। এই প্রেক্ষাপটে, কর্মসংস্থান সৃষ্টি এবং সিএমএসএমই খাতের উন্নয়নে নতুন এই তহবিল গঠন করা হয়েছে। তহবিলের মূল উদ্দেশ্য হলো সচল সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সরবরাহের মাধ্যমে তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সহায়তা করা।
‘সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল’ নামে পরিচিত এই নতুন তহবিলের প্রাথমিকভাবে মেয়াদ হবে তিন বছর। সার্কুলারে বলা হয়েছে, এই তহবিলের আওতায় গ্রাহক বা উদ্যোক্তা পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদের হার হবে ৯ শতাংশ। অন্যদিকে, বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে এই তহবিলের অর্থ গ্রহণ করবে। ব্যাংকগুলোকে প্রতি তিন মাস অন্তর এই সুদ পরিশোধ করতে হবে।
প্রচলিত ব্যাংকের পাশাপাশি শরিয়াহভিত্তিক ব্যাংক এবং সাধারণ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখাগুলোও নিজস্ব নীতিমালা অনুযায়ী বিনিয়োগ আকারে এই সুবিধা দিতে পারবে। গ্রাহক পর্যায়ে বিতরণ করা ঋণ বা বিনিয়োগ আদায়ের সম্পূর্ণ দায়দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকের ওপর থাকবে। ঋণের ঝুঁকি কমাতে ব্যাংকগুলো প্রয়োজনে প্রচলিত বিধি অনুযায়ী সহ-জামানত নিতে পারবে। সার্কুলার অনুযায়ী, যেসব সচল সিএমএসএমই প্রতিষ্ঠান প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় ব্যবসা বা উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারছে না, তারা এই তহবিল থেকে ঋণ পাবে। কোনো উদ্যোক্তা যদি বাংলাদেশ ব্যাংকের অন্য কোনো পুনঃঅর্থায়ন বা প্রাক্-অর্থায়ন স্কিমের আওতায় চলতি মূলধন ঋণ সুবিধা ভোগ করে থাকেন, তাহলেও তিনি নতুন এই তহবিল থেকে ঋণ নিতে পারবেন।
রিপোর্টারের নাম 
























