নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় মামলা নিতে গড়িমসি করার অভিযোগ এনে এলাকাবাসী লাশ নিয়ে সৈয়দপুর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে। এ সময় তারা সৈয়দপুর-নীলফামারী মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিক্ষুব্ধ জনতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ দাবি করেন।
ঘটনার সূত্রপাত গত বুধবার ভোরে। উপজেলার কাচারীপাড়ায় দুর্বৃত্তরা আফাজ উদ্দিন নামের এক বৃদ্ধের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর তিনি মারা যান।
নিহতের ছোট ছেলে আবু বকর সিদ্দিক অভিযোগ করেছেন, এলাকার আব্দুল জব্বার ছেলে আব্দুস সালাম চঞ্চলের সঙ্গে তাদের পূর্ব বিরোধ ছিল। এ ঘটনার পেছনে তাদের হাত রয়েছে বলে তিনি দাবি করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেছে। তবে, অভিযুক্ত আব্দুস সালাম চঞ্চল ও তার পরিবার অভিযোগ অস্বীকার করে বলেছেন, পূর্বশত্রুতার জেরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। তাদের দাবি, ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই এবং এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।
রিপোর্টারের নাম 




















