আবাসন খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং এটিকে আরও গতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর একটি প্রতিনিধি দল। রবিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় রিহ্যাব নেতৃবৃন্দ সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণ সুবিধা চালুর পাশাপাশি একটি বিশেষ হাউজিং তহবিল গঠনের দাবি জানান।
রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, স্বল্পসুদে ও সহজ শর্তে গৃহঋণ চালু হলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের নিজস্ব আবাসনের স্বপ্ন পূরণ হবে, যা দেশের অর্থনীতিকেও আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে এবং পরিকল্পিত আবাসন গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে স্বল্পসুদের হাউজিং ঋণ সুবিধা সম্প্রসারণ জরুরি।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান আবাসন খাতের গুরুত্ব স্বীকার করে বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং শিল্পায়নে এর অবদান অনস্বীকার্য। তিনি উল্লেখ করেন যে, হাউজিং খাতের ঋণ ব্যাংকিং খাতের অন্যতম নিরাপদ ঋণ হওয়ায় অন্যান্য অনেক খাতের তুলনায় এর সুদের হার তুলনামূলকভাবে কম থাকে। বর্তমানে হাউজিং ঋণের সুদের হার অন্যান্য ঋণের চেয়ে প্রায় ২ শতাংশ পর্যন্ত কম বলে তিনি জানান।
গভর্নর আরো জানান, দীর্ঘমেয়াদি আবাসন ঋণের অর্থায়ন নিশ্চিত করতে বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 

























