মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা শহীদুল ইসলাম (৪০)। দীর্ঘদিনের প্রবাসজীবন শেষে ছুটি নিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানোর স্বপ্ন নিয়ে বিমানের টিকিটসহ সব প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন। কিন্তু দেশে ফেরার মাত্র পাঁচ দিন আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।
স্থানীয়রা জানান, শনিবার রাতে ওমানের বেরুমি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি সড়ক দুর্ঘটনায় শহীদুল ইসলামের মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ বেরুমি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত শহীদুল ইসলাম মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদারগ্রাম এলাকার আস্কর আলী বৈদ্দ্য বাড়ির মৃত মোহাম্মদ মেস্ত্রীর চতুর্থ ছেলে।
স্বজনদের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা আবু শাহাদাত সায়েম জানান, পরিবারের সুখ-সমৃদ্ধির আশায় শহীদুল ইসলাম গত ২০ থেকে ২৫ বছর ধরে ওমানে কর্মরত ছিলেন। সেখানে তিনি এমব্রয়ডারির কাজ করতেন। আগামী বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা ছিল। এ জন্য তিনি বিমানের টিকিটসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। শনিবার রাতে স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজনদের জন্য বিভিন্ন উপহারসামগ্রী কিনে বাসায় ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
আবেগঘন প্রতিক্রিয়ায় সায়েম বলেন, “দেশে আসবে বলে তিনি খুবই আনন্দিত ছিলেন। পরিবারের সদস্যরাও তার অপেক্ষায় ছিলেন। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হলো। অল্প বয়সেই তার সন্তানরা পিতৃহারা হয়ে গেল।” ওমানে অবস্থানরত প্রবাসী সংগঠনের নেতারা মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন। মো. আবু নছর রিয়াদ বলেন, “মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।” ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নুরুল আবছার। শহীদুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রিপোর্টারের নাম 





















