বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার বিলিয়নিয়ার রবিন খুদার প্রতিষ্ঠান এয়ারট্রাঙ্ক ২০৩০ সালের মধ্যে ভারতের ডেটা সেন্টার প্রকল্পে ৩০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে রবিন খুদার বৈঠকের পর এই বিশাল বিনিয়োগের ঘোষণা আসে।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এয়ারট্রাঙ্ক ভারতজুড়ে প্রায় পাঁচ গিগাওয়াট ডেটা সেন্টার সক্ষমতা তৈরির পরিকল্পনা করছে। রবিনের এই বিনিয়োগ প্রসঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘এ ধরনের বিনিয়োগ ক্লাউড কম্পিউটিং ও এআইয়ের জন্য একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি এটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, স্থানীয় সরবরাহ শৃঙ্খলকে সাহায্য করবে এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।’
এই প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড়টি হবে পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যে। এ সপ্তাহের শুরুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে জানিয়েছেন, এয়ারট্রাঙ্ক পশ্চিম ভারতীয় এই রাজ্যে প্রায় দুই ট্রিলিয়ন রুপি (প্রায় ২৪ বিলিয়ন ডলার) বিনিয়োগে একটি তিন গিগাওয়াট ডেটা সেন্টার হাব তৈরি করবে।
এয়ারট্রাঙ্ক এশিয়া-প্যাসিফিক অঞ্চলজুড়ে তাদের কার্যক্রমের পরিধি বাড়াচ্ছে। বর্তমানে অস্ট্রেলিয়া, হংকং, ভারত, জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে তাদের কার্যক্রম রয়েছে।
ফোর্বসের রিয়েল-টাইম ডেটা অনুযায়ী, আনুমানিক ২.১ বিলিয়ন ডলারের সম্পদের মালিক বাংলাদেশে জন্মগ্রহণকারী রবিন খুদা অস্ট্রেলিয়ার অন্যতম ধনী ব্যক্তি। তিনি ২০১৫ সালে এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন। ২০২৪ সালে ব্ল্যাকস্টোন ও কানাডা পেনশন বোর্ডের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম ১৬ বিলিয়ন ডলারে এয়ারট্রাঙ্ক অধিগ্রহণ করে। তবে রবিন এখনো কোম্পানিটিতে একটি ছোট কিন্তু মূল্যবান অংশীদারিত্ব ধরে রেখেছেন।
রিপোর্টারের নাম 




















