আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ‘মালিক’ সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশের পর এবার সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে এর প্রথম আইটেম গান ‘গুলগুলি পিঠা’। গানটিতে পারফর্ম করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম।
প্রকাশের পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে। অনেক দর্শক মন্তব্য করছেন, গানটি যেন ঈদের উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে। ‘গুলগুলি পিঠা’ গানে কণ্ঠ দিয়েছেন মিলা ও প্রতীক হাসান। গানটির সংগীত পরিচালনা ও সুর করেছেন অদিত রহমান, আর লুৎফর হাসান লিখেছেন এর কথা।
গানটির শুরুতেই ভিন্ন এক আকর্ষণীয় লুকে হাজির হন মিম। ঐতিহ্য ও ফিউশন ধাঁচের পোশাকে তার নাচ ও উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। এরপর রাগেড লুকে এন্ট্রি নেন শুভ। দুজনের অনস্ক্রিন রসায়ন ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
দীর্ঘদিন পর বড় পরিসরের নাচের গানে দেখা গেল মিমকে। অন্যদিকে অ্যাকশনধর্মী চরিত্রে শুভর উপস্থিতি গানটিতে বাড়তি মাত্রা যোগ করেছে। আইটেম গানটি ফেসবুকে শেয়ার করে আরিফিন শুভ সিনেমার চরিত্রের ভাষায় লিখেছেন, “ঈদের গোস্ত তো খাইবেনই… আগে ‘গুলগুলি পিঠা’ ট্রাই করেন, ‘মালিক’ আইতাছে ঈদে।” অন্যদিকে মিমের প্রতিক্রিয়া ছিল ‘বুম’!
সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমাটি একজন একরোখা মানুষের গল্প নিয়ে নির্মিত, যিনি ধীরে ধীরে অপরাধজগতের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন। তবে সেই যাত্রায় তিনি ন্যায় ও অধিকারের পক্ষেও লড়াই করেন।
রিপোর্টারের নাম 

























