রাজশাহীতে এক ট্রাফিক কনস্টেবলের সততা ও মানবিকতায় এক নারীর হারানো ব্যাগ ফিরে পাওয়ার ঘটনা ঘটেছে। ওই ব্যাগে নগদ অর্থসহ বেশ কিছু জরুরি কাগজপত্র ছিল। রবিবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় ব্যাগটি তার মালিক উম্মে সালমার কাছে হস্তান্তর করা হয়। হারানো জিনিস ফিরে পেয়ে তিনি সংশ্লিষ্ট পুলিশ সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট ইফতেখার আলমের নেতৃত্বে কনস্টেবল মানিক হোসেন শনিবার রাতে সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি রাস্তার পাশে একটি পার্টস ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি উদ্ধার করে তল্লাশি করে তিনি এর ভেতর জাতীয় পরিচয়পত্র, অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং নগদ অর্থ খুঁজে পান। ব্যাগে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ দ্রুততম সময়ে মালিক উম্মে সালমার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়।
পরদিন সকালে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ব্যাগটি উম্মে সালমার কাছে হস্তান্তর করা হয়। রাজশাহী মহানগরীর বাসিন্দা উম্মে সালমা জানান, ঈদের কেনাকাটার জন্য রিকশায় করে সাহেববাজারের দিকে যাচ্ছিলেন। অসাবধানতাবশত তার ব্যাগটি পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও যখন তিনি ব্যাগটি পাচ্ছিলেন না, তখন প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন। হারানো ব্যাগ ফিরে পেয়ে তিনি পুলিশ সদস্যদের এমন দায়িত্বশীল ও মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়ায়।
রিপোর্টারের নাম 
























