রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত বিচার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধন থেকে আলোচকরা এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানান। একইসঙ্গে, শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সরকারকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়।
মানববন্ধনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সহসভাপতি মাসুদ মান্নান বলেন, “আজ আমাদের শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। পল্লবীতে শিশু রামিসাকে যেভাবে নির্যাতন ও হত্যা করা হয়েছে, তা কোনও সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। পুলিশ দ্রুত আসামিদের গ্রেফতার করায় আমরা সাধুবাদ জানাই। তবে, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে যেন অপরাধীরা পার পেয়ে না যায়। আমরা এই মামলার বিচার দ্রুত সম্পন্ন করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
ফুলকুঁড়ি আসরের পক্ষ থেকে মানববন্ধন থেকে তিনটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো: দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিশু রামিসা হত্যাকাণ্ডসহ সব শিশু সহিংসতার বিচার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা; শিশু নির্যাতন ও সহিংসতার দ্রুততম বিচারের লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন বাস্তবায়ন করা; এবং অনলাইন ও অফলাইন-উভয় ক্ষেত্রেই শিশুদের সুরক্ষায় একটি স্বাধীন ‘জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন’ গঠন করা।
রিপোর্টারের নাম 

























