চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে শক্তিশালী টাইফুন ‘বাভি’র আঘাতে জনজীবন লণ্ডভণ্ড হয়ে পড়েছে। বিশেষ করে ঝেজিয়াং প্রদেশে আঘাত হানার পর বৈরী আবহাওয়ার কারণে দেশটির যোগাযোগ ব্যবস্থা চরমভাবে বিপর্যস্ত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রোববার একদিনেই চীনের বিভিন্ন বিমানবন্দরে নির্ধারিত ২ হাজার ৮০০টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেইজিং, সাংহাই, নানজিং এবং হাংঝৌসহ বড় বড় শহরগুলোর বিমানবন্দরে শত শত ফ্লাইট স্থগিত বা বিলম্বিত হওয়ায় হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। সাংহাইয়ের প্রধান দুটি বিমানবন্দরে প্রায় ৩০ শতাংশ ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বজ্রঝড় ও ভারী বৃষ্টির আশঙ্কায় দেশের অন্তত ৪৫টি বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।
আকাশপথের পাশাপাশি রেল যোগাযোগেও এই টাইফুনের ব্যাপক প্রভাব পড়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটে উচ্চগতির ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চীনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার ঝুঁকি থাকায় এই পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। দুর্যোগ মোকাবিলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির প্রশাসন।
রিপোর্টারের নাম 


















