দেশের এভিয়েশন খাতে বড় ধরনের সম্প্রসারণের পথে হাঁটছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ২০২৭ সালের মধ্যে তাদের বহরে যুক্ত হতে যাচ্ছে ২১টি অত্যাধুনিক ব্র্যান্ডনিউ বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে প্রায় ১ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে (বিডা) দেওয়া এক চিঠিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের শীর্ষ পাঁচটি এয়ারক্রাফট লিজিং প্রতিষ্ঠানের মাধ্যমে এসব উড়োজাহাজ সংগ্রহ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী আঞ্চলিক এভিয়েশন হাব গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন এই উড়োজাহাজগুলো যুক্ত হলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ফ্লাইটের সংখ্যা ও গন্তব্য বাড়ানো সম্ভব হবে।
বিশেষজ্ঞদের মতে, দেশের বেসরকারি খাতে এটি একটি নজিরবিহীন বিনিয়োগ। এর ফলে শুধু আকাশপথে যোগাযোগই উন্নত হবে না, বরং বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পর্যটন ও রপ্তানি খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। আগামী ২৯ জুলাই রাজধানীর একটি অভিজাত হোটেলে বোয়িং ও ইউএস-বাংলা যৌথভাবে এই সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
রিপোর্টারের নাম 






















