নিজের পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে হারানোর আশঙ্কায় তীব্র মানসিক চাপ থেকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছিলেন এক মা। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও মেয়ে দুজনকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নলছিটি উপজেলার ফেরিঘাট এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের সাইদুল ইসলামের সাবেক স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিঘাট এলাকায় শিশুকন্যাকে নিয়ে লাকি আক্তার নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় মা ও শিশুকে নদী থেকে তুলে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি সাইদুল ইসলামকে তালাক দেওয়ার পর বিভিন্নভাবে তার মেয়েকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এই আশঙ্কা থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং হতাশাগ্রস্ত হয়ে এমন চরম সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে সাইদুল ইসলামের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে মা ও শিশু নিরাপদ আছেন। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























