আকাশগঙ্গা গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় দশ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত ডার্ক ম্যাটারে আবৃত রহস্যময় ‘হালো’ অঞ্চলে একটি তরুণ পালসার নক্ষত্রের উৎসের সন্ধান পেয়েছেন চীনের জ্যোতির্বিজ্ঞানীরা। এই যুগান্তকারী গবেষণা পালসারের গঠন ও উৎপত্তি সম্পর্কে নতুন এবং গুরুত্বপূর্ণ প্রমাণ দিচ্ছে, যা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।
চীনের জ্যোতির্বিজ্ঞান মানমন্দিরের একদল গবেষক এই গবেষণা পরিচালনা করেন। গবেষকরা চীনের পাঁচশ মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ (ফাস্ট) এবং নানশান রেডিও টেলিস্কোপের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ তথ্য ব্যবহার করে তরুণ পালসার পিএসআর জে১৭৪০+১০০০ এর অবস্থানের সূক্ষ্ম পরিবর্তন বিশ্লেষণ করেন।
এই পালসারের উচ্চ গতিবেগের ভিত্তিতে গবেষকেরা ধারণা করছেন, এটি সরাসরি গ্যালাক্সির হালো অঞ্চলে জন্ম নিয়েছে। এটি সম্ভবত ‘রানঅ্যাওয়ে ওবি’ তারকার অবশিষ্টাংশ, যা কোনো সহিংস মহাজাগতিক ঘটনার ফলে নিজ পরিবেশ থেকে ছিটকে বেরিয়ে যায়।
চীনের ফাস্ট টেলিস্কোপ এবং অস্ট্রেলিয়ার পার্কস রেডিও টেলিস্কোপ থেকে প্রাপ্ত তথ্য একত্রিত করে বিজ্ঞানীরা প্রথমবারের মতো পালসারের স্পেকট্রামে বহুস্তরবিশিষ্ট সিন্টিলেশন আর্ক কাঠামো শনাক্ত করেছেন। গবেষকদের মতে, এসব কাঠামো পালসারের বায়ু নীহারিকার ভেতরে থাকা আয়নিত ক্ষুদ্র গঠন থেকে সৃষ্টি হয়েছে।
বিজ্ঞানীরা জানান, এই গবেষণা শুধু গ্যালাকটিক হালোতে তরুণ পালসারের উৎপত্তি সম্পর্কে প্রমাণ দেয়নি, বরং ভবিষ্যতে পালসার সংকেত ব্যবহার করে নক্ষত্র ও আন্তঃনাক্ষত্রিক পরিবেশ বিশ্লেষণের নতুন পথও খুলে দিয়েছে, যা জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
রিপোর্টারের নাম 
























