হরমুজ প্রণালিতে সফল সামরিক অবরোধের পর এবার ইরান বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি সমুদ্রের তলদেশের ইন্টারনেট লাইনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। ইউরোপ, এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যে বিপুল পরিমাণ ইন্টারনেট ও আর্থিক লেনদেনের তথ্য বহনকারী এই সাবমেরিন ক্যাবলগুলোর ওপর নজর রাখছে তেহরান।
ইরান হরমুজ প্রণালির তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন ক্যাবল ব্যবহারের জন্য বিশ্বের বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ফি আদায়ের পরিকল্পনা করছে। গত সপ্তাহে তেহরানের আইনপ্রণেতারা আরব দেশগুলোর সঙ্গে ইউরোপ ও এশিয়াকে সংযুক্তকারী সাবমেরিন ক্যাবলগুলোকে লক্ষ্য করে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘোষণা করেছেন, ‘আমরা ইন্টারনেট ক্যাবলের ওপর ফি আরোপ করব।’ দেশটির রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) সংশ্লিষ্ট গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালি থেকে রাজস্ব আদায়ের এই পরিকল্পনার আওতায় গুগল, মাইক্রোসফট, মেটা এবং আমাজনের মতো প্রতিষ্ঠানগুলোকে ইরানি আইন মেনে চলতে হবে। সাবমেরিন ক্যাবল কোম্পানিগুলোকে লাইসেন্স ফি এবং এই ক্যাবলগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের একচেটিয়া অধিকার কেবল ইরানি কোম্পানিগুলোকেই দিতে হবে।
তবে, কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই প্রযুক্তি জায়ান্টরা ইরানকে কোনো অর্থ প্রদান করতে পারবে কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে অনেক কোম্পানি ইরানের এই বক্তব্যকে কেবলই রাজনৈতিক চাল হিসেবে দেখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর থেকে ফেরার পর পুনরায় যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কার মধ্যে ইরান বুঝিয়ে দিচ্ছে যে সামরিক শক্তির বাইরেও তাদের হাতে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র রয়েছে। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য প্রধান দিনা এসফান্দিয়ারি বলেন, ‘ইরানের এই হুমকির উদ্দেশ্য হলো বৈশ্বিক অর্থনীতির ওপর এমন এক বিশাল ব্যয়ের বোঝা চাপানো, যাতে কেউ আর ইরানকে আক্রমণ করার সাহস না পায়।’
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক হাবতুর রিসার্চ সেন্টারের সিনিয়র গবেষক মোস্তফা আহমেদ সতর্ক করেছেন, ইরানি নৌবাহিনীর কমব্যাট ডাইভার, ছোট সাবমেরিন এবং আন্ডারওয়াটার ড্রোনের কারণে এই সাবসি ক্যাবলগুলো চরম ঝুঁকিতে রয়েছে। যেকোনো ধরনের হামলার ফলে বিভিন্ন মহাদেশজুড়ে একটি ধারাবাহিক ইন্টারনেট বিপর্যয় নেমে আসতে পারে। এতে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোও ক্ষতিগ্রস্ত হবে।
রিপোর্টারের নাম 






















