রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে ভক্ত ও আশেকানদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, এই হামলার সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত বলে অভিযোগ উঠেছে, যা শুনে তিনি দুঃখ পেয়েছেন। তিনি উল্লেখ করেন, গণমাধ্যমে তিনি দেখেছেন যে জামায়াত আমির নির্বাচনের আগে ইসলামে নারী নেতৃত্ব হারাম বলে মন্তব্য করেছিলেন, যা নিয়ে তিনি বিতর্কে আহ্বান জানালেও তিনি সাড়া দেননি।
রবিবার (১৭ মে) দুপুরে মিরপুরের শাহ আলী মাজার প্রাঙ্গণে ‘সাধুগুরুভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ’ এবং ‘ভাববৈঠকী’ যৌথভাবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ফরহাদ মজহার এসব কথা বলেন। তিনি গানের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন যে কোন ধরনের গান হারাম তা নিয়ে বিতর্ক রয়েছে।
জামায়াতের উদ্দেশে তিনি বলেন, মাজারে কিছু অনৈতিক কাজ বন্ধ হওয়া উচিত, কিন্তু এখন এমন প্রমাণ হচ্ছে যে মন্দ কাজগুলো তারাই করছে এবং মাজারের ওপর দোষ দিচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি আরও বলেন, মাজারের ‘পাগল’ হিসেবে পরিচিত ব্যক্তিরা জুলাই গণঅভ্যুত্থানের সময় নিজেদের জীবন বাজি রেখেছিলেন। পাগল না থাকলে বিপ্লব, রাষ্ট্র গঠন বা সমাজ গঠন সম্ভব নয়। নিজেও ৫০ বছর ধরে রাষ্ট্র গঠনের জন্য লড়াই করছেন উল্লেখ করে তিনি বলেন, এই রাষ্ট্র মানুষের অধিকার নিশ্চিত করতে পারছে না।
ফরহাদ মজহার সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাজারে ভক্তদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই সরকারও ফ্যাসিবাদীদের মতো পরিণতির সম্মুখীন হতে পারে।
রিপোর্টারের নাম 




















