রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় উল্টে যাওয়া ভ্যান চালক মো. শফিকুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে ধোলাই পাড় জালালাবাদ হামিদা সিএনজি ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী মিজান শেখ জানান, নিহত শফিকুল ইসলাম তার ভ্যানে করে কার্টন তৈরির মালামাল নিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ভ্যান চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই শরিফুল ইসলাম জানান, দুপুরে তার ভাই ভাড়া ভ্যানে করে মালামাল নিয়ে বাসাবো যাচ্ছিলেন। পরে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঢাকা মেডিকেলে এসে শফিকুলকে মৃত অবস্থায় দেখতে পান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। মৃত শফিকুল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার রাজনগর গ্রামের বাসিন্দা ছিলেন এবং বর্তমানে সবুজবাগ বাসাবো এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
রিপোর্টারের নাম 

























