ভারতের উত্তর প্রদেশে প্রবল ঝড় ও ভারি বৃষ্টিতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের ভাদোহি, ফতেহপুর ও বুদাউনসহ পাঁচটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, ভাদোহিতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন, বুদাউনে পাঁচজন, চন্দৌলিতে দুজন এবং সোনভদ্র জেলায় একজন প্রাণ হারিয়েছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণকাজ সম্পন্ন করারও নির্দেশ দেন। ভাদোহিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার মৌর্য জানিয়েছেন, ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে। ভাদোহী পুলিশ জানিয়েছে, আলাদা আলাদা ঘটনায় সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরো ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
রিপোর্টারের নাম 






















